ডায়াবেটিস সচেতনতা দিবসে রংপুরে আলোচনা সভা
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৩ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

সঠিক খাদ্যাভাস, ব্লাড সুগার নিয়ন্ত্রিত না থাকা এবং নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার অভাবে নীরব ঘাতক ব্যাধি ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের ৫০ থেকে ৬০ ভাগ মানুষই জানেন না তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত। আর এই রোগের ফলে কিডনি, চক্ষু, হার্ট এবং চর্মসহ নানা রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেশের খ্যাতিমান বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. লাইক আহমেদ খান এসব কথা বলেন।
রংপুর ডায়াবেটিক সমিতি আয়োজিত ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর ডায়াবেটিক সমিতির সভাপতি প্রফেসর ডা. আব্দুর রউফ।
সমিতির সহসভাপতি সাংবাদিক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলাম, সহসভাপতি মো. আশরাফুল আলম আল আমীন, সিনিয়র সদস্য বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা. হেদায়েতুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ডা. নাছিমা আকতার, ডা. সমর্পীতা ঘোষ তানিয়া এবং সদস্য আবুল কালাম আজাদ মিঠু।
আলোচনা অনুষ্ঠানে আজীবন সদস্য এবং ডায়াবেটিক রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে ডায়াবেটিস সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন এবং উত্তর জেনে উপকৃত হন।
এদিকে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে রংপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে দিনব্যাপী মাইকযোগে ব্যাপক প্রচারণা করা হয়।
