মাদারীপুরে অগ্নিকাণ্ডে উদ্যোক্তার ফার্মে ১৫ লাখ টাকার ক্ষতি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৩ | অনলাইন সংস্করণ
মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে আগুনে পুড়ে তরুণ উদ্যোক্তা শরিফুল ইসলামের ফার্ম পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের চৌকদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ফার্মের পাশের জমির ছোন পরিস্কার করার জন্য জমিতে আগুন ধরান জমির মালিক শফিকুল ইসলাম। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের জমির ফসলসহ ফার্মে থাকা ২ হাজার বয়লার মুরগী, মুরগীর খাবার, নগদ ৩০ হাজার টাকা এবং মুরগীর ফার্ম পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ফার্মের মালিক শরিফুল ইসলাম বলেন, “শফিকুল ইসলাম তার জমির ছোন পরিস্কার করার জন্য জমিতে আগুন ধরাল। ওই আগুনে আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি কিস্তি এনে ফার্মে মুরগী পালন শুরু করেছিলাম, এখন সব শেষ।”
এ ব্যাপারে অভিযুক্ত শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
কালকিনি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার খোকন জমাদ্দার বলেন, “পাশের ছোনক্ষেত থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা খবর পেয়ে ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি।”
