রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৭ | অনলাইন সংস্করণ
রাঙামাটি প্রতিনিধি

আজ শনিবার সকালে রাঙ্গামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন।
এ সময় তিনি বৌদ্ধমূর্তি দান, সংঘদান ও অষ্টপরিষ্কার দানসহ নানাবিধ পুণ্যকর্মে অংশ নিয়ে ভগবান বুদ্ধের আশীর্বাদ প্রার্থনা করেন।
অনুষ্ঠানে মন্ত্রী দীপেন দেওয়ান তার প্রয়াত পিতা-মাতা, শ্বশুর-শাশুড়ি এবং পরলোকগত আত্মীয়স্বজনসহ জগতের সকল প্রাণীর সুখ ও শান্তি কামনায় প্রার্থনা করেন। ধর্মীয় এ আয়োজনে বিহার প্রাঙ্গণ পুণ্যার্থীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল।
পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মধ্য দিয়ে বাস করবে।’
মন্ত্রী আরও বলেন, ‘আজ আমি সৃষ্টিকর্তা ভগবানের কাছে বাংলাদেশ সরকারের উত্তরোত্তর সাফল্য এবং আমাদের প্রিয় মাতৃভূমি ও জাতির সামগ্রিক সমৃদ্ধি কামনা করছি। শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
অনুষ্ঠানে রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান ও বনভান্তের প্রধান শিষ্য শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাথের ধর্মীয় দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মন্ত্রীর সহধর্মিণী মৈত্রী দেওয়ান, সাংগঠনিক সম্পাদক শাশ্বত চাকমা রিংকু, জিয়া পরিষদ সোনালী শাখার কেন্দ্রীয় সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, জিয়া পরিষদ রাঙামাটি জেলা সভাপতি মানস মুকুর চাকমা, জেলা কৃষক দলের সভাপতি অলোক প্রিয় বড়ুয়া সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, রাঙ্গামাটি জেলা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রার্থনা সভার শেষে উপস্থিত সকলে বিশ্ব-শান্তি ও দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন।
