মেরিন ড্রাইভে জিপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১৮:৩৯ | অনলাইন সংস্করণ

  কক্সবাজার অফিস

কক্সবাজার মেরিন ড্রাইভের দরিয়ানগরে জিপগাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক আরোহী নিহত এবং একজন আহত হয়েছেন।

রোববার (১ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে মেরিন ড্রাইভের রামু উপজেলার দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান হিমছড়ি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক প্রভাকর বড়ুয়া।

নিহত মো. অলিউল্লাহ (৩৮) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার আলী মিয়ার ছেলে। তিনি পেশায় জমি ব্যবসায়ী ছিলেন। তবে পেশাগত জীবনের শুরুতে কয়েক বছর মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

আহত আমির হোসেন (৫০) একই এলাকার বাসিন্দা। তিনিও জমি বেচাকেনা ব্যাবসা করতেন।

স্থানীয়দের বরাতে প্রভাকর বড়ুয়া বলেন, দুপুরে মেরিন ড্রাইভের দরিয়ানগর এলাকায় টেকনাফমুখি জিপগাড়ীর সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে এক আরোহী ঘটনাস্থলে নিহত এবং একজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

পুলিশের এ উপ-পরিদর্শক জানান, ঘটনার পরপরই জিপগাড়ির চালক পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ জব্দ করেছে।

নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান এসআই প্রভাকর বড়ুয়া।