মানিকগঞ্জে বেসামরিক বিমান মন্ত্রীর মায়ের দাফন সম্পন্ন
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ২০:৩৬ | অনলাইন সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার মা হুরুন নাহার (৮৩)-এর দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (১ মার্চ) বাদ আসর মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড মুন্নু মেডিকেল কলেজ মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন। এ সময় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মরহুমার রুহের মাগফেরাত কামনা করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্তসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল–এ চিকিৎসাধীন অবস্থায় হুরুন নাহার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা শেষে মরহুমার স্বামী, সাবেক মন্ত্রী প্রয়াত হারুনার রশিদ খান মুন্নু–এর কবরের পাশে তাকে দাফন করা হয়। এ সময় আত্মীয়-স্বজন ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেন।
মন্ত্রী আফরোজা খানম রিতা ও তার পরিবারের প্রতি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়েছে।
