পুঠিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত, আটক ৭

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১৫:৩২ | অনলাইন সংস্করণ

  রাজশাহী ব্যুরো

রাজশাহীর পুঠিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর হামলায় সন্দেহভাজন ডাকাত দলের একজন সদস্য নিহত ও ৭ জন আহত হয়েছেন। আহতদের আটক করা হয়েছে। এ সময় তাদের সাথে থাকা একটি ট্রাক পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। 

সোমবার (২ মার্চ) ভোররাতে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার চকপলাশী গ্রামে এ ঘটনা ঘটে।

গণ পিটনিতে নিহত ব্যক্তি রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের আকরাম আলীর ছেলে শাহীন (৪৫)। 

এছাড়া আহতরা হলেন— রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার চকপালাশী গ্রামের মোঃ লালুর ছেলে মোঃ শামীম (৩৫), রংপুর জেলার মিঠাপুকুর থানার ইমাদপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪০), ঢাকা আশুলিয়া থানার জিরানী এলাকার মৃত সোনা মিয়া ছেলে মোঃ শফিকুল ইসলাম (৪৫), ঢাকা ধামরাইল থানার নানজেগুড়ি এলাকার মাহির ছেলে খারজাহান (৩৫), টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার বামালের চর এলাকার মোঃ সাত্তার শেখের ছেলে সেলিম শেখ (৩০), একই জেলা ও থানার কুটিবয়রা এলাকার একানদানি সরকার ছেলে মামুন (৪২), জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার সোনিয়াপাড়া এলাকার মোস্তফার ছেলে রুপচান (৩০) আহত হয়। তারা সবাই ডাকাত দলের সদস্য বলে জানা গেছে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, ভোর রাতে একটি ট্রাকে ৮ জন লোক ঘরের তালা কাটার যন্ত্র এবং দেশীয় অস্ত্রসহ রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার চকপালাশী গ্রামে প্রবেশ করে। এসময় গ্রামবাসীর সন্দেহ হলে তাদের আটক করে। বিক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি দেয়। এতে একজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সন্দেহভাজন ডাকাত দলের একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও ৭ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করা হবে বলে জানান।