তালায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১৫:৪৪ | অনলাইন সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাতের আঁধারে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নগরঘাটা ইউনিয়নের রাইচমিল মোড়ে বিএনপির ইউনিয়ন কার্যালয়ে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও পাটকেলঘাটা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সোমবার (২ মার্চ) সকাল ১০টার দিকে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফর কবির ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, বিএনপির কার্যালয়ের কয়েকটি চেয়ার পুড়ে গেছে। রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে একটি খালি পেট্রোলের বোতল উদ্ধার করেছে।

তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আগুনে দলীয় কার্যালয়ে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফর কবির জানান, ঘটনাস্থল থেকে একটি খালি পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।