এবার বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি প্রবাসী নিহত

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১৫:৪৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যের বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় মো. তারেক (৪৮) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিকালীন সময় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তিনি।

নিহত প্রবাসী মো. তারেক (৪৮)-এর বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। তিনি দীর্ঘ ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন।

নিহতের আপন ফুফাতো ভাই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ডেপুটি ডিরেক্টর মোশারফ হোসেন জানান, নিহত তারেক তার কর্মস্থল ড্রাইডক শিপইয়ার্ডের কাছে পঞ্চম নৌবহর ক্ষেপণাস্ত্র আকাশসীমায় প্রতিরোধ করতে গিয়ে ধ্বংসাবশেষের একটি অংশ সরাসরি তার মাথায় এতে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বর্তমানে তার লাশ বাহরাইন সরকারের তত্ত্বাবধানে হাসপাতালের মর্গে রয়েছে।   

নিহত তারেক-এর স্ত্রী রোকেয়া বেগম মোবাইলে কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার সাথে তার শেষ কথা হয় রাত ১২টায়। সে ডিউটিতে যাবে বলে আমার থেকে হাসিমুখে বিদায় নিয়েছে। কিন্তু এটি যে শেষ কথা কে জানতো।

এসময় বার বার তিনি অচেতন হয়ে যান। তার স্বামীই ছিল পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম। অনেক সুখেই দিন যাচ্ছিল তাদের। তার একমাত্র কন্যা তাসনিম তামান্না চট্টগ্রাম ইপিজেড বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। বাবার মৃত্যুর খবর ভোর ৬টায় শুনতে পেয়ে দিশেহারা মেয়েও। একমাত্র কন্যা হওয়ায় তাকে স্নেহ, আদরে মাথায় করে রাখতেন বলে কান্নায় ভেঙে পড়েন তিনিও।