সিরাজগঞ্জে পুকুর দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১৯:০১ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামের সরকারি পুকুর দখলকে কেন্দ্র করে প্রভাবশালী দু’গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে ওই গ্রামের মৃত মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৪৫) ও ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৫০) নিহত হয়েছেন। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত সরকারি পুকুরটি একই গ্রামের আসমত আলী লিজ নেন এবং পরবর্তীতে মসজিদের উন্নয়নকল্পে ছেড়ে দেওয়া হয়।
এ পুকুর দখল নিয়ে দীর্ঘদিন ধরে প্রভাবশালী দু’গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছিল।
এরই জের ধরে সোমবার সকালে প্রতিপক্ষ পুকুর দখল করতে গেলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হন।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ও বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ওই দুইজন মারা যান।
নিহতের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয় এবং আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।
এদিকে পুকুর দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনায় পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়েছেন বলে ওসি জানান।
