জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১৯

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ২০:৩৫ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরাচিথুলিয়া গ্রামে ইরি বোরো জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের নারীসহ কমপক্ষে ১৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৩ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম আলোকিত বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকালে ওই গ্রামের মাঠে ইরি বোরো জমিতে সেচ দেওয়া নিয়ে কৃষক রহমান সরকার ও দানেজ সরকারের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে উভয় গ্রুপের নারী-পুরুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী মাঠে এ সংঘর্ষ চলছিল।

এ সংঘর্ষে উভয় গ্রুপের নারীসহ কমপক্ষে ১৯ জন আহত হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ওই দুই কৃষক একে অপরের বিরুদ্ধে অভিযোগও তুলছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আবারও সংঘর্ষের আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে উল্লেখ করেন ওসি।