নোয়াখালীতে টাস্কফোর্স অভিযানে আটক ৫ মাদকসেবীকে কারাদণ্ড
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ২১:১৭ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলার ৫ মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ মার্চ) উপজেলার দত্তের হাট, মহাব্বতপুর, সোনাপুর ও বাল্ডিংটন মোড়সহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হালিম বেপারী বাড়ির মৃত আলী আহমদের ছেলে মো. সুমন (৪৪), নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দত্তেরহাট এলাকার আবুল কালামের ছেলে মো. রাজু (৩২), একই ওয়ার্ডের ছিদ্দিক মিয়ার বাড়ির মৃত বোরহান মিয়ার ছেলে মো. ইয়াছিন (৪০), নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মশু চৌধুরী বাড়ির মকবুল হোসেনের ছেলে মো. রাব্বী (২৮), অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে আনোয়ার হোসেন (২৯)।
অভিযান সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাস উপলক্ষে সোমবার বিকেলে সদর উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান চালানো হয়। অভিযানে ৫ মাদকসেবীকে আটক করা হয়।
ওই সময় ঘটনাস্থল থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলার উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদত হোসেন, মোছা. কাউসারী আক্তার, এস এম জাহিদা আক্তার মৌসুমি ও মুকসুদুস সালেহীন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত আসামিদের ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড প্রদান করেন। রমজান মাসে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
