সিরাজগঞ্জে সংঘর্ষে দুই জন নিহতের ঘটনায় আটক ৩

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১৬:৪২ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার গোয়াল পাড়া গ্রামের সরকারি পুকুর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে দুই জন নিহতের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন— ওই গ্রামের আছমত আলী (৪২), তরিকুল (৪১) ও আশরাফ আলী (৪৪)। তারা পুলিশি পাহারায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত সরকারি পুকুর দখল নিয়ে দীর্ঘদিন ধরে প্রভাবশালী দু’গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকালে প্রতিপক্ষ পুকুর দখল করতে গিয়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়। ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ও বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ওই গ্রামের মৃত মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৪৫) ও ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৫০) মারা যায়।

এ ঘটনায় হত্যার মূল হোতা আছমত আলীসহ ওই ৩ জনকে আটক করা হয়েছে এবং মামলা হলে তাদের গ্রেপ্তার দেখানো হবে বলে তিনি উল্লেখ করেন।