সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৪ যুবদল নেতা বহিষ্কার
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১৭:৩৩ | অনলাইন সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি

সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের ওপর হামলা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্যসচিবসহ চার জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
তার হলেন— শ্যামনগর উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ, বাবলুর রহমান এবং মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রহিম। তাদেরকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সামিউল মনি শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক সমকাল ও পত্রদূতের শ্যামনগর উপজেলা প্রতিনিধি। সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাব ভবনের সামনে তার ওপর হামলা চালানো। এ ঘটনায় থানায় করা মামলায় ১৪ জনকে আসামি করা হলেও একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
