বোয়ালমারীতে প্রকৃতিতে ফুটতে শুরু করেছে ভাটি ফুল

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১৯:২৫ | অনলাইন সংস্করণ

  সনৎ চক্রবর্ত্তী, বোয়ালমারী (ফরিদপুর)

শীতের শেষে ও বসন্তের শুরুতে গ্রামীণ বাংলার আনাচে-কানাচে বা সড়কের পাশে অযত্নে ফুটে থাকা ভাটি ফুল শোভা ছড়াচ্ছে। স্থানভেদে এটির নাম ভাটি ফুল, ভাটফুল, ঘেটু ফুল, ভাত ফুল, ঘণ্টাকর্ণ থাকলেও ফরিদপুর অঞ্চলে ‘ভাটিফুল’ নামেই পরিচিত।

উদ্ভিদ বিজ্ঞানীদের মতে, ভাট গাছের বৈজ্ঞানিক নাম Clerodendrun in Fortunatun এবং এটি Lamiaceae পরিবারের অন্তর্ভুক্ত একটি সপুষ্পক ঝোপজাতীয় উদ্ভিদ।

সাধারণত গাছটি তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয়। এর কাণ্ড সবুজাভ ও শক্ত প্রকৃতির। পাতা বড় ডিম্বাকার এবং কিছুটা রুক্ষ। পাতায় এক প্রকার তীব্র গন্ধ রয়েছে। ভাট গাছের ফুল সাদা ও হালকা গোলাপি আভাযুক্ত এবং গুচ্ছাকারে ফোটে। ফুলের মাঝখানে লম্বা পুংকেশর বেরিয়ে থাকে, যা দেখতে খুব আকর্ষণীয়। ভাটফল প্রথমে সবুজ এবং পাকার পর নীলচে কালো রং ধারণ করে।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, বসন্তের আগমনে পলাশ-শিমুলের সঙ্গে পাল্লা দিয়ে এ ফুল ফোটে। এ ফুল ফাল্গুন ও চৈত্র মাসে ফুটতে দেখা যায়। বিশেষ করে পরিত্যক্ত মাঠ, বন, রাস্তা কিংবা জলাশয়ের পাশে ভাঁট ফুলের ঝোপ চোখে পড়ে। ভাঁট গাছের প্রধান কাণ্ড সোজাভাবে দণ্ডায়মান। সাধারণত ২ থেকে ৪ মিটার লম্বা হয় এ ফুলের গাছ।

এ গাছের পাতা দেখতে কিছুটা পানপাতার আকৃতির ও খসখসে। ডালের শীর্ষে পুষ্পদণ্ডে ফুল ফোটে। পাপড়ির রং সাদা এবং এতে বেগুনি রঙের মিশ্রণ আছে। বসন্ত থেকে গ্রীষ্ম অবধি ফুল ফোটে। এ ফুলের রয়েছে মিষ্টি সৌরভ। রাতে বেশ সুগন্ধ ছড়ায় এ ফুল। ফুল ফোটার পর মৌমাছিরা ভাঁট ফুলের মধু সংগ্রহ করে।

ফরিদপুরের বোয়ালমারীসহ দেশের সর্বত্রই ভাটিফুলের কম-বেশি দেখা মেলে। অযত্নে অবহেলায় ফুটে থাকা ভাঁটি যেন বিশাল ফুলের তোড়া। চৈত্রের প্রথম থেকেই দেখা মিলছে এই ভাঁটি ফুলের। এটাকে অনেকে বন জুঁই বা ঘেটু ফুল নামেও চেনে। তবে স্থানীয়রা বলছেন, বর্তমান সময়ে ভাঁটি আগের তুলনায় কম দেখা যাচ্ছে।

প্রকৃতির কবি জীবনানন্দ দাশ-ও পড়েছিলেন ভাঁটি ফুলের প্রেমে। তাইতো কবি তার ‘বাংলার মুখ’ কবিতায় লিখেছেন,
‘ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়
বাংলার নদী মাঠ ভাঁট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়।’

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কালিপদ চক্রবর্ত্তী বলেন, ভাটি ফুল সৌন্দর্যপ্রিয় মানুষের মনের খোরাক জোগায়। রাস্তার পাশে, পরিত্যক্ত জমিতে অনাদর অবহেলায় বেড়ে ওঠা ভাট গাছের ফুল বসন্তে প্রাকৃতিক সৌন্দর্যে যোগ করে বাড়তি মাত্রা। পথচারীরা উপভোগ করেন আবহমান বাংলার আদি বুনো ফুলের অপরূপ সৌন্দর্য।

অর্ক চক্রবর্ত্তী নামে এক স্কুল ছাত্র বলেন, ফাল্গুন মাস এলেই প্রকৃতিতে ফোটে ভাটি ফুল। এতে পরিবেশে নতুন এক মাত্রা যোগ হয়। বসন্তের আগমনে পলাশ-শিমুলের সঙ্গে পাল্লা দিয়ে এই ফুল ফোটে। এই ফুল ফাল্গুন ও চৈত্র মাসে দেখা যায়, বিশেষ করে রাস্তার দুপাশ, পরিত্যক্ত মাঠ, বন কিংবা জলাশয়ের পাশে।