সমাজ গঠনে ইমামদের ভূমিকা অপরিহার্য: এমপি জাহাঙ্গীর আলম
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ২০:১৮ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ইমামদের সমাজের পথপ্রদর্শক উল্লেখ করে বলেছেন, সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে ইমামদের ভূমিকা অপরিহার্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইমামদের প্রতি গুরুত্বারোপ করেছেন। ইসলামকে রাজনৈতিকভাবে কেউ যেন ব্যবহার করতে না পারে, এজন্য বর্তমান বিএনপি সরকার ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের বেতন-ভাতা বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সকল নাগরিকের অধিকার রয়েছে। সকল ধর্মের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনাজপুরসহ সারাদেশে সকল ধর্মের মানুষের উন্নয়নে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমি দিনাজপুর সদর-৩ আসনকে সুন্দরভাবে গড়ে তুলতে আপনাদের কাছে দোয়া চাই, যেন দিনাজপুরকে সকল ধর্মের মানুষের নিরাপদ স্থান হিসেবে গড়ে তুলতে পারি।
এছাড়া তিনি বলেন, দিনাজপুরে কোন চাঁদাবাজ, মাদকব্যবসায়ী বা সন্ত্রাসীদের স্থান হবে না এবং তা কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি আইনের প্রতি সকলের শ্রদ্ধাবোধ থাকার আহবান জানান।
মঙ্গলবার দুপুরে দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনাজপুর ইমাম কল্যান সংস্থার আয়োজন করে ইমামদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি জাহাঙ্গীর আলম।
দিনাজপুর ইমাম কল্যান সংস্থার সভাপতিত্বে মাওলানা আব্দুল কাইয়ুম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: দিনাজপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম, দিনাজপুর ইমাম কল্যান সংস্থার প্রধান উপদেষ্টা মাওলানা মতিউর রহমান কাসেমী, চেম্বারের পরিচালক ও সমাজসেবক আলহাজ্ব মো. মোস্তফা কামাল মিলন, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শামীম কবির, মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসউদ আলম, ইউসুফ বেকারী স্বত্বাধিকারী সাহিদ আলী, অধ্যক্ষ মুফতী খায়রুজ্জামান প্রমুখ।
সঞ্চালনা করেন দিনাজপুর ইমাম কল্যান সংস্থার মুফতী হাবিবুল্লাহ বাহার।
এ ছাড়াও ইমামদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর আগে প্রায় ২০০ জন ইমামের মাঝে তেল, দুধ, সেমাই, চিনি, ডাল, ছোলা, মুড়ি, লবণ, খেজুরসহ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
