চবিসাসের নতুন সভাপতি রুপক, সাধারণ সম্পাদক সোহেল
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ২১:৪২ | অনলাইন সংস্করণ
চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)-এর কার্যনির্বাহী পরিষদ–২০২৬ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রেফায়েত উল্ল্যাহ রুপক এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সোহেল রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এবার কার্যনির্বাহী পরিষদের ৮ পদের বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছিলেন ১৪ জন প্রার্থী। ভোট গণনা শেষে একই দিনে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী।
এছাড়া কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন—সহ সভাপতি পদে দেশ রূপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আজিম সাগর। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজ ও সিটিজি পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুনতাজ আলী।
দপ্তর ও প্রচার সম্পাদক পদে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিনিধি রাব্বি হোসেন এবং অর্থ ও প্রকাশনা সম্পাদক পদে ঢাকা ডায়েরির প্রতিনিধি মহসিন নির্বাচিত হয়েছেন।
ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে এনটিভির প্রতিনিধি ফুয়াদ মণ্ডল এবং নির্বাহী সদস্য পদে দৈনিক আজাদীর প্রতিনিধি শামীম হোসাইন নির্বাচিত হন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চবি প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী।
এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সহকারী প্রক্টর মোহাম্মদ মীর হোসেন মজুমদার ও মো. খাইরুল ইসলাম।
