সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১৫:২৫ | অনলাইন সংস্করণ

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতা বহাল রাখা এবং সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে খুচরা সার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত খুচরা সার ডিলাররা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা খুচরা সার ব্যবসায়ী সমিতির সভাপতি মুফতী জয়নাল আবেদীন কাসেমী, সাধারণ সম্পাদক মো. তারেক, খুচরা সার ডিলার আব্দুল হান্নান, এমদাদুল ইসলাম, আব্দুস সাত্তার, মো. দুলাল মেম্বার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিগত সময়ে দেশে সার কেলেঙ্কারির ঘটনা এবং সার নিয়ে কৃষকদের দুর্ভোগ এখনো মানুষ ভোলেনি। তাই ২০০৯ সালে এক প্রজ্ঞাপনে সরকার প্রতিটি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে একজন করে খুচরা সার বিক্রেতা বা সাব ডিলার নিয়োগের মাধ্যমে কৃষকরে দোরগোড়ায় সারের সেবা পৌঁছে দিয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নতুন সমন্বিত সার ডিলার নীতিমালা-২০২৫ করে বিগত খুচরা সার বিক্রেতা বা সাব ডিলার ব্যবস্থা বাতিল করা হয়েছে। যার ফলে প্রতি ইউনিয়নে ৯ জনের পরিবর্তে ৩ জন করে সরকার অনুমোদিত ডিলার সার বিতরণ করবে। এতে কৃষকের সময় ও অতিরিক্ত অর্থ অপচয় হবে।

বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে তারা এ ব্যাবসার সঙ্গে জড়িত। ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ করে এবং বিপুল পরিমাণ পুঁজি বিনিয়োগের মাধ্যমে তারা কৃষকদের দোরগোড়ায় সার পৌঁছে দেন। অনেক ক্ষেত্রে মৌসুমে কৃষকদের হাতে নগদ অর্থ না থাকলেও বাকিতে সার সরবরাহ করেন, যা কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন নীতিমালা চালু হলে তাদের এ ব্যাবসা বন্ধ হয়ে অনেকেই বিপাকে পড়বেন।

তারা এই নীতিমালা বন্ধ করে পূর্বের নীতিমালা বহাল রাখার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

‎পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। এসময় প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রী বরাবর আবেদন জানিয়ে খুচরা সার বিক্রেতারা নীতিমালা-২০২৫ পুনর্বিবেচনা করে তা স্থগিত ঘোষণা এবং পূর্বের নীতিমালা বহালের দাবি জানান।