এমপি মনজুরুল ইসলাম
‘বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করা হবে’
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১৭:৫৩ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।
বুধবার (৪ মার্চ) দুপুরে এ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি।
তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে তাকে ফুলেল অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরা।
পরিদর্শনকালে সংসদ সদস্য মো. মনজুরুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানার নেতৃত্বে হাসপাতালের জরুরি বিভাগ, প্যাথলজি, ইসিজি, ফার্মেসি, দন্ত বিভাগ, আইএমসিআই কর্নার, এএনসি, পিএনসি ও এনসিডি কর্নারসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখান।
এছাড়া তিনি পুরুষ ও মহিলা ওয়ার্ড এবং এক্স-রে বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শন চলাকালে তিনি হাসপাতালের অন্তর্বিভাগে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। হাসপাতালের বর্তমান সেবা কার্যক্রম ও ব্যবস্থাপনা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
পরবর্তীতে স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন জাতীয় সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। সভায় সাম্প্রতিক সময়ে যোগদান করা ৪৮তম বিসিএসের চিকিৎসক, ডেন্টাল সার্জন ও আবাসিক মেডিকেল কর্মকর্তাদের সঙ্গে তার পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। ডা. আফরোজ সুলতানা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে হাসপাতালের বর্তমান কার্যক্রম এবং সাফল্যের পাশাপাশি বিদ্যমান সমস্যাগুলো সংসদ সদস্যের সামনে তুলে ধরেন।
বিশেষ করে শূন্যপদে জনবল সংকট, নষ্ট হয়ে থাকা ডেন্টাল চেয়ার ও আল্ট্রাসনোগ্রাফি মেশিন এবং পুরোনো অবকাঠামোগত সমস্যার কথা বিস্তারিত জানানো হলে মো. মনজুরুল ইসলাম এসব সমস্যা দ্রুত সমাধানের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন।
তিনি স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, এই এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা করা হবে।
পরিদর্শনের সময় বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস সুমা খাতুন সহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।
