
মৌলভীবাজার সদর মডেল থানার শেরপুর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ ঘটনায় রবিউল ইসলাম (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (৪ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়ক-এর শেরপুর পয়েন্ট এলাকায় শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাশের নেতৃত্বে একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্ট চলাকালে সময় একটি সন্দেহভাজন ট্রাক থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে ব্যারিকেড স্থাপন করে ট্রাকটি আটক করা হয়।
পরবর্তীতে ট্রাক তল্লাশি করে মোট ১১০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রতি বস্তার ওজন ৩০ কেজি হিসেবে মোট ৩ হাজার ৩০০ কেজি জিরা জব্দ করা হয়েছে।
এ সময় ট্রাক থেকে রবিউল ইসলাম (৩৭) নামে একজনকে আটক করা হয়। তিনি পাবনার সাথিয়া উপজেলার মৃত ছবেদ আলী প্রামানিকের ছেলে।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামি জব্দকৃত পণ্যের কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জিরার বস্তাগুলো সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে এনে ঢাকায় বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।