১০৯ ভুয়া মুক্তিযোদ্ধা বাতিলের আবেদনকারী নিজেই বাতিল

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ২১:৪১ | অনলাইন সংস্করণ

  সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০৯ জনকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকায়) আবেদন করে নিজেই বালিত হলেন আলতাফ হোসেন। বর্তমানে আলতাফ হোসেন সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। 

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ১০৩তম সভার সিদ্ধান্ত মোতাবেক সাড়া দেশের ৭৮ জনকে বালিত করে গত সোমবার প্রজ্ঞাপন জারি করা হয়। সারা দেশের ৭৮জন ভুয়া মুক্তিযোদ্ধার মধ্যে সোনারগাঁ উপজেলায় ৫১ জনকে বাতিল করা হয়। আলতাফ হোসেন প্রজ্ঞাপন তালিকায় ৫৪ নম্বরে রয়েছেন। 

জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর আলতাফ হোসেন নিজেকে প্রকৃত মুক্তিযোদ্ধা দাবি করে জামুকায় ১০৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে জামুকার প্রতিনিধি দল গত ২০২৫ সালের ২৩ নভেম্বর সোনারগাঁ পরিদর্শনে এসে গণশুনানি করেন। গণ শুনানি শেষে মুক্তিযোদ্ধা তালিকা যাচাই বাছাই করে আলতাফ হোসেনসহ ৫১ জনকে বাতিলের সুপারিশ করেন। 

জামুকার মহাপরিচালক শাহিনা খাতুনের নেতৃত্বে গণ শুনানি অংশ নেন জামুকার সদস্য মেজর (অব.) সৈয়দ মুহিবুর রহমান, হাবিবুল্লাহ আলম, মেজর (অব.) ফজলুর রহমান, সাদেক আহমেদ খাঁন, মেজর (অব.) আব্দুস সালাম, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান। গণ শুনানি শেষে ওইদিন বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন। 

মুক্তিযোদ্ধাদের বাতিলের আবেদনকারী আলতাফ হোসেন জানান, শতাধিক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আবেদন করার কারণে ক্ষিপ্ত হয়ে তাকে বাতিল করা হয়েছে। তিনি ভারতীয় ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ছিলেন। সকল প্রকার প্রমাণপত্র দাখিল করে বিবেচনার জন্য জামুকায় আবেদন করবেন।