চট্টগ্রাম শাহ আমানতে আরও ১১ ফ্লাইট বাতিল
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ২১:৪৭ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো

ইসরাইল-ইরান যুদ্ধের তীব্রতা বৃদ্ধির কারণে সারাবিশ্বে লক্ষ্যণীয়ভাবে বহু আন্তর্জাতিক ফ্লাইট শিডিউল বাতিল হচ্ছে। তারই প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে।
বুধবার (৪ মার্চ) মধ্যপ্রাচ্যে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ বিমানবন্দরে এখন পর্যন্ত ৪৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তিনি জানান, বুধবার (৪ মার্চ) বাতিল হওয়া আন্তর্জাতিক অ্যারাইভাল ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি এবং এয়ার আরাবিয়ার ৩টি ফ্লাইট রয়েছে। বাতিল হওয়া আন্তর্জাতিক ডিপার্চার ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি এবং এয়ার আরাবিয়ার ৩টি ফ্লাইট রয়েছে।
জনসংযোগ কর্মকর্তা জানান, মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট OV-401 সকাল ৭টা ৫৫ মিনিটে অবতরণ করে পুনরায় যাত্রী দিয়ে OV-402 ফ্লাইট যোগে মাস্কাটের উদ্দেশ্যে ৯টায় চট্টগ্রাম ছেড়ে গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মদিনা থেকে আসা BG-136 ফ্লাইটটি সকাল ৮টা ৪০ মিনিটে অবতরণ করে সাড়ে ৯টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ইউএস-বাংলা এয়ারলাইনসের মাস্কাট থেকে আসা ফ্লাইট BS-322 সকাল ৯টায় বিমানবন্দরে অবতরণ করে ৯টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে এ বিমানবন্দরের ৪৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
