কুড়িগ্রামে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১৯:৪১ | অনলাইন সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাটার অবকাঠামো ভেঙে দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সকল প্রকার কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের উদ্যোগে উপজেলার তবকপুর ইউনিয়নে অবস্থিত মেসার্স ‘এইচবিইউ ব্রিকস’ নামের ইটভাটায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই ইট প্রস্তুতের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করে ভাটাটি তাদের কার্যক্রম অব্যাহত রেখেছিল।
এ অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। পাশাপাশি হালনাগাদ কাগজপত্র না থাকায় স্কেভেটর দিয়ে ভাটার অবকাঠামোর একটি অংশ ভেঙে ফেলা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারিকের দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন আহমেদ।
এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। এছাড়া জেলা পুলিশ, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
