চবি সাংবাদিক সমিতির এজিএম ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ২১:২৫ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকেল ৫টায় চবি কলা ও মানববিদ্যা অনুষদের (শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবন) শিক্ষক লাউঞ্জে এই সভা ও ইফতার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। 

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় সদ্য সাবেক কমিটিকে ধন্যবাদ জানান। পাশাপাশি উপাচার্য নতুন কমিটিকে অভিনন্দন ও শুভ কামনা জানান। উপাচার্য সাংবাদিকদের গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভালো-মন্দ তুলে ধরার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. একেএম মাহফুজুল হক (মাহফুজ পারভেজ), যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি শাহাব উদ্দিন নীপু ও চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি।

সমিতির সভাপতি জানে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন চবিসাসের সাধারণ সম্পাদক মাহফুজ শুভ্র।

অনুষ্ঠানে সমিতির নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া সদ্য সাবেক কমিটির কার্যনির্বাহী সদস্যদের ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এর আগে, বিকেল ৪টা থেকে সমিতির এজিএমের অভ্যন্তরীণ সেশন এবং বার্ষিক কার্যক্রম পর্যালোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, সমিতির সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।