ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ গ্রেপ্তার ৩, দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১৫:২৮ | অনলাইন সংস্করণ

  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ-এ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার দিবাগত রাত ২টায় হাজীগঞ্জ বাজারস্থ বিশ্বরোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন— রামগঞ্জ উপজেলার সুনাপুর গ্রামের বাসিন্দা মো. জাহেদ প্রকাশ জাহিদ (২৭), মুরাদনগর এলাকার মো. ইসমাইল হোসেন (৩৫) এবং একই জেলার দাউদকান্দি এলাকার মো. মহসীন মিয়া (৪০)।

হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বলেন, রাতে পিকআপটিকে সংকেত দিলে ডাকাত দলের সদস্যরা পিকআপ থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ জব্দ করা হয় এবং তাদের সঙ্গে থাকা ১টি ধারালো রামদা, ১টি চাপাতি, ১টি দেশীয় তৈরি ধারালো ছুরি, ১টি লোহার কাটার, ৩টি লোহার রড, ১টি লোহার শাবল, ৩টি পুরাতন সুতির গামছা, ৫টি ধারালো SHARP ব্লেড এবং ৩টি কালো রঙের মাস্ক উদ্ধার করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে তাদের চাঁদপুর জেলা আদালতে পাঠানো হবে বলে জানান এ কর্মকর্তা।