দামুড়হুদায় হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ২১:৪৭ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় বেসরকারি ক্লিনিক লাইফ কেয়ার জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে অপারেশন থিয়েটার সিলগালা ও ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (০৭ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ অভিযানে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই ক্লিনিকের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। চিকিৎসক পরিচয়দানকারী দম্পতি মামুন অর রশিদ শাওন ও স্নিগ্ধা খাতুনের বিরুদ্ধে চিকিৎসক না হয়েও নিজেদের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে তারা রোগী দেখতেন এবং প্রেসক্রিপশন প্যাড ব্যবহার করতেন। কিন্তু অভিযান টের পেয়ে তারা গা ঢাকা দেন।
এছাড়া ক্লিনিকটিতে নিয়মনীতি না মেনে দীর্ঘদিন ধরে অপারেশনসহ বিভিন্ন চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।
অভিযানে দেখা যায়, অপারেশন থিয়েটারে প্রয়োজনীয় ও মানসম্মত যন্ত্রপাতি নেই। এমনকি মোটরসাইকেলের ফগ লাইট অপারেশন থিয়েটারের লাইট হিসেবে ব্যবহার করা হচ্ছিল। একই ফ্রিজে খাবার ও ওষুধ সংরক্ষণ করা হচ্ছিল বলেও জানা যায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন আলম জানান, এ ধরনের বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করেন এবং অপারেশন থিয়েটার সিলগালা করে ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।
অভিযানে অংশ নেওয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, চিকিৎসক পরিচয়দানকারী দম্পতি পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
