মুন্সীগঞ্জে নারী উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১৭:৫৩ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জে নারী উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
এ সময় বিভিন্ন নারী উদ্যোক্তা তাদের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য স্টল বসান।
পরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর মুন্সিগঞ্জের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার এবং উপপরিচালক (স্থানীয় সরকার) মৌসুমী মাহবুব।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আনসার কমান্ড্যান্ট বিউটি আক্তার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আলেয়া ফেরদৌসী, জেলা তথ্য কর্মকর্তা রহিমা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নারী উদ্যোক্তা, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে নারীর অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করার গুরুত্বের ওপর আলোকপাত করা হয়।
বক্তারা বলেন, নারীর শিক্ষা, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা বৃদ্ধি এবং নারী উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।
বক্তারা আরও বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও নারীদের জন্য নিরাপদ সমাজ গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। একই সঙ্গে দেশের সার্বিক উন্নয়ন এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় নারী-পুরুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সভায় নারীর শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বে অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে টেকসই উন্নয়ন ত্বরান্বিত করার আশাবাদ ব্যক্ত করা হয় এবং নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি সমতাভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
