ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে গৃহবধূকে কুপিয়ে জখমের অভিযোগ

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১৯:১০ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুরে রোজিনা (২৫) নামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে তাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে রাসেল নামে এক যুবকের বিরুদ্ধে।

শনিবার দিবাগত রাতে আহত গৃহবধূর স্বামী কবির হোসেন বাদী হয়ে রাসেলের নাম উল্লেখ করে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।

অভিযুক্ত রাসেল উপজেলার রায়পুর গ্রামের জেহের আলীর ছেলে।

ভুক্তভোগী গৃহবধূর পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে রোজিনা খাতুন বাড়ির পার্শ্ববর্তী এলাকার একটি ড্রাগন বাগানের কাছে হাঁসকে ঘাস খাওয়াচ্ছিলেন। এ সময় একই এলাকার রাসেল তাকে পিছন দিক থেকে জাপটে ধরে। এরপর তার মুখ চেপে ধরে ড্রাগন বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে এলাকাবাসীরা এগিয়ে এলে গৃহবধূকে কুপিয়ে পালিয়ে যায় রাসেল। রাতেই গৃহবধূর স্বামী কবির হোসেন জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলাইমান শেখ জানান, পূর্ব শত্রুতার জের ধরে রাসেল ভুক্তভোগী রোজিনাকে কুপিয়েছে। তবে ধর্ষণের চেষ্টার ঘটনার সত্যতা নাই বলেও জানান তিনি।