দিনাজপুরে খাল খনন পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রী
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ২১:৫৬ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল পুনঃখননের মধ্য দিয়ে আগামী ১৬ মার্চ সারা দেশে একযোগে খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৮ মার্চ) দুপুরে কাহারোল উপজেলার বলরামপুর এলাকার সাহাপাড়া খাল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, দেশের কৃষি খাতকে স্বনির্ভর করতে এবং পানির প্রবাহ স্বাভাবিক রাখতে এই কর্মসূচি বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রী বলেন, খাল খনন কর্মসূচি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি ঐতিহাসিক আন্দোলন এবং উন্নয়ন বিপ্লব। দেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করাই ছিল তার প্রধান লক্ষ্য। সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আবারও দেশব্যাপী এই বিশাল কর্মসূচি হাতে নিয়েছে।
তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ায় দেশের অনেক গুরুত্বপূর্ণ খাল ও নদী পলি জমে ভরাট হয়ে গেছে।
অনেক স্থানে খালের জায়গা দখল করে দোকানপাট ও বসতবাড়ি গড়ে ওঠার ফলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এসব প্রতিবন্ধকতা কাটিয়ে সবার সহযোগিতায় দেশের সকল মৃতপ্রায় খাল পুনঃখনন করা হবে।
মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এই মুহূর্তে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
তিনি স্পষ্ট করে বলেন, অতীতে মেগা প্রকল্পের নামে যে বিপুল দুর্নীতি হয়েছিল, তা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকার সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন পরিকল্পনা স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করবে। এই কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ রাখা হবে না। প্রকল্পের প্রতিটি ধাপে কঠোর নজরদারি বজায় রাখা হবে এবং দায়িত্বশীলতার মাধ্যমে কাজের মান নিশ্চিত করা হবে।
পরিদর্শনকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. আমিনুল ইসলাম এন ডিসি, বাংলাদেশ পানির উন্নয়ন বোর্ডের রংপুরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর) ড. মোহা. সর ফরাজ বান্দা, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী সাহাপাড়া খালের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন। এই প্রকল্পের ফলে স্থানীয় কৃষকসহ সাধারণ মানুষ উপকৃত হবেন এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন।
