রাজশাহীতে অটোরিকশা-ভটভটির সংঘর্ষে নিহত ৩, আহত ২
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১২:১৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা–লালপুর সড়কের চন্ডিপুর এলাকায় হযরত আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রামের সিএনজিচালক শরিফুল ইসলাম (৪৫), একই উপজেলার বধুপাড়া গ্রামের বিধান দাস (৫৫) এবং আন্দি গ্রামের রকেনা বেগম (৯০)।
আহত শাহাজান আলী (৩৫) ও সীমা বেগমকে (৫০) প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি লালপুরের নওপাড়া গ্রাম থেকে যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিল। পথে বাঘা–লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুর এলাকায় হযরত আলীর বাড়ির সামনে পৌঁছালে বাঘা থেকে ছেড়ে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়দের ধারণা, সকালে ঘন কুয়াশার কারণে দুই যানবাহনের চালক একে অপরকে সময়মতো দেখতে না পারায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত দুটি যানবাহন জব্দ করা হয়েছে।
