স্বাধীনতা দিবস উদযাপনে মুন্সীগঞ্জে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১৫:১১ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

‘২৫ মার্চ গণহত্যা দিবস’ পালন ও ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (০৯ মার্চ) জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং বাংলাদেশ পুলিশ-এর মুন্সীগঞ্জ জেলার প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ।
সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংস্কৃতিকর্মী এবং জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ।
সভায় ‘২৫ মার্চ গণহত্যা দিবস’ এবং ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা সদরের সাথে সদর উপজেলার কর্মসূচি সমন্বিতভাবে পালন এবং অন্যান্য উপজেলায় জাতীয় ও জেলা কর্মসূচির সাথে সঙ্গতি রেখে দিবসটি উদযাপনের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে সিদ্ধান্ত হয়।
এছাড়া অনুষ্ঠানসমূহে সাউন্ড সিস্টেম সরবরাহ, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ ও প্রতীকী ব্ল্যাকআউট বাস্তবায়ন, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন নিশ্চিতকরণ, শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক সংস্কার, কুচকাওয়াজ ও মহড়ার আয়োজন, মেডিক্যাল টিম ও ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অনুষ্ঠানে উপস্থিতি নিশ্চিতকরণ এবং দিবস উপলক্ষে গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা গ্রহণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। গৃহীত কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে একটি মূল কমিটি ও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।
