পদ্মায় অবৈধভাবে মাটি উত্তোলন, অভিযানে জেল-জরিমানা
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১৭:২৬ | অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পদ্মা নদী সংলগ্ন স্পার বাঁধ এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেল-জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের একটি বিশেষ দল সুন্দরপুর ইউনিয়নের ৬, ৭ ও ৮ নং স্পার বাঁধ এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
এসময় ইউনিয়নের ভবানীপুর এলাকার বিএমএইচ ব্রিকসের সামনে থেকে মাটিভর্তি একটি ট্রাক্টরসহ সাকিব রানা (১৯) নামের এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে খবর পেয়ে মাটি উত্তোলনের সাথে জড়িত অন্যান্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সাকিব রানা স্বীকার করেন যে, তিনি সুন্দরপুর ইউনিয়নের ৮ নং স্পার বাঁধ এলাকা থেকে অবৈধভাবে পদ্মা নদীর মাটি উত্তোলন করে বিএমএইচ ব্রিকসে নিয়ে যাচ্ছিলেন। এসময় ইটভাটার ম্যানেজার এনামুল হকও বিষয়টি স্বীকার করেন। অপরাধের গুরুত্ব বিবেচনা করে ভ্রাম্যমাণ আদালত সাকিব রানাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে। এছাড়া অবৈধ মাটি কেনার সঙ্গে জড়িত থাকার দায়ে ইটভাটার ম্যানেজার এনামুল হককে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ এই অভিযানে নেতৃত্ব প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পদ্মা নদী ও স্পার বাঁধের নিরাপত্তা রক্ষায় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
