নারায়ণগঞ্জে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১৯:১৬ | অনলাইন সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩৮ বছর বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (৯ মার্চ) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ থানার ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকার বৃষ্টিধারা খালের পানি থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খালের পানিতে কচুরিপানার পাশে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা কাছে গিয়ে নিশ্চিত হন যে সেটি একটি মরদেহ। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহটি গুম করার উদ্দেশ্যে খালের কচুরিপানার নিচে লুকিয়ে রেখে যায়। পরে পানির স্রোতে সেটি ভেসে ওঠে। তবে এখনো নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।

পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, মরদেহের পরিচয় শনাক্ত করতে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে তা মিলিয়ে দেখার জন্য সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে মরদেহটির পরিচয় এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, “উদ্ধার হওয়া মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।”