মাগুরায় ইউপি সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ২০:২১ | অনলাইন সংস্করণ
মাগুরা প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ কুমার মজুমদারের নানা অনিয়ম ও দুর্নীতির বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার বিকেলে উপজেলার গোয়ালদাহ বাজারে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ও মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এর আগে ওইদিন দুপুরে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মুহিত-এর বরাবর একটি লিখিত অভিযোগ পেশ করেন।
দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল আলম প্রদীপ ও দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মওলা ঘটনার সত্যতার সুপারিশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।
এ সময় বিক্ষোভকারী দারিয়াপুর ইউনিয়নের সাবেক সদস্য শাহজাহান শেখ, শৈলেন্দ্রনাথ দেউড়ি, রাবেয়া বেগমসহ এলাকার সাধারণ গরিব জনগণ বলেন, মেম্বার দিলীপ কুমার মজুমদার সাধারণ মানুষের কাছ থেকে ভিজিএফ কার্ড দেওয়ার কথা বলে ২ হাজার থেকে ৫ হাজার টাকা নিয়েছেন। শুধু তাই নয়, তিনি বিভিন্ন সরকারি কার্ড ও সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে টাকা নেন। আমরা আমাদের টাকা ফেরত চাই এবং মেম্বারের উপযুক্ত বিচার চাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মুহিত জানান, এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ হাতে পাইনি, হয়তো দপ্তরে জমা হতে পারে।
