ব্যবসায়ীর বাড়িতে ছিনতাই, ধাওয়া খেয়ে অস্ত্র ফেলে পালালো দুর্বৃত্তরা
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ২১:৩৪ | অনলাইন সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদীতে গভীর রাতে এক ব্যবসায়ীর বাড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে পরিবারের সদস্যদের ধাওয়ায় ছিনতাইকারীরা একটি পিস্তল, একটি চাইনিজ কুড়াল ও একটি মোবাইল ফোন ফেলে পালিয়ে যায়।
রোববার (৮ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী সেন্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রফিকুল ইসলাম রতন (৪২) ওই এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে। তিনি সাকড়েগাড়ী মোড় প্রাণ কোম্পানির গেট সংলগ্ন এলাকায় বিকাশ ও নগদের এজেন্ট ব্যাবসা পরিচালনা করেন।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, রাত প্রায় ২টার দিকে রতন তার ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে টাকা ভর্তি একটি ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। আগে থেকেই ওত পেতে থাকা ছিনতাইকারী দলের দুই সদস্য মোটরসাইকেলে তার পিছু নেয়। রতন বাড়ির প্রধান ফটকের সামনে পৌঁছালে ছিনতাইকারীরা তার চোখে ঝাঁঝালো কিছু স্প্রে করে। এতে তিনি যন্ত্রণায় চিৎকার দিলে ছিনতাইকারীরা টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।
এ সময় পরিবারের সদস্যরা তাদের প্রতিহত করার চেষ্টা করলে ছিনতাইকারীদের একজন তার গায়ের জ্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ওই জ্যাকেট তল্লাশি করে একটি গুলিভর্তি পিস্তল, একটি চাইনিজ কুড়াল ও একটি স্মার্টফোন উদ্ধার করেন এবং দ্রুত ঈশ্বরদী থানা পুলিশকে খবর দেন।
এ ঘটনায় রতন ও তার সহধর্মিণী মোছা. তুলি খাতুন আহত হয়েছেন। পরে তাদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, এটি মূলত ছিনতাইয়ের ঘটনা। ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া জ্যাকেট তল্লাশি করে একটি পিস্তল ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। এগুলো জব্দ করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
