সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে অবৈধ দোকানপাট উচ্ছেদ
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১৭:৫৪ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার প্রায় দিনভর পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের ভূ-সম্পদ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, ওই স্টেশনে যাত্রীদের চলাচলে সুবিধা বাড়াতে অবৈধ দোকানপাট সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল। এ নোটিশে কর্ণপাত না করায় সোমবার প্রায় দিনভর স্টেশন এলাকার আশপাশে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ৬০টির বেশি অবৈধ দোকানপাট অপসারণ করা হয়েছে। সেইসাথে অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুণ্ডু, বিভাগীয় প্রকৌশলী নাজিব কায়সার ও বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল উপস্থিত ছিলেন।
