ফ্যামিলি কার্ডে পরিবারে নারীর অবস্থান আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ২০:০৮ | অনলাইন সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যামিলি কার্ড একটি শক্তি, একটি ক্ষমতা—যার মাধ্যমে নারীরা ক্ষমতায়ন হবেন। এই কার্ড দিয়ে তারা সকলের সামনে দাঁড়াতে পারবেন। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হবেন তাদের ক্ষমা নেই।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর সম্মিলিত ঈদগাহ আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে শুধু আর্থিকভাবে লাভবান হবেন তা নয়, শুধু নাগরিক হিসেবে নয়—এর মাধ্যমে পরিবারে আপনার অবস্থান দৃঢ় হবে। নারীদের ক্ষমতায়ন করতে গেলে শক্তি দরকার। পরিবারে খেতে মায়েদের সম্মান অনেক বেশি।

তিনি আরও বলেন, আমি আপনাদের কাছে ঋণী। কী জন্য আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমি আপনাদের সঙ্গে ওয়াদা করেছিলাম—সেই ওয়াদাগুলো ধীরে ধীরে পূরণ করার চেষ্টা করছি। ইতিমধ্যে ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের জন্য স্থান নির্ধারণ হয়ে গেছে, যা আগামী অর্থবছরে কার্যকর হবে।

আপনারা জানেন এই অঞ্চল কৃষিনির্ভর অঞ্চল। কৃষকদের সেচের জন্য বরেন্দ্র প্রকল্পের মাধ্যমে সেচের ব্যবস্থা করা হয়।

তিনি বলেন, যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক প্রতিরোধে শুধু পুলিশ এগিয়ে এলে হবে না, পাশাপাশি সমাজের সকল মানুষকে এগিয়ে আসতে হবে।

মন্ত্রী বলেন, এই কার্ড ধীরে ধীরে সকল মানুষই পাবেন। আজকে এই স্টেজে যারা আছেন—জেলা প্রশাসক, পুলিশ সুপার থেকে শুরু করে সকলেই এই কার্ড পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, জেলা প্রশাসক ইরশাত ফারজানা, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, জেলা পুলিশ সুপার বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমনসহ অনেকে।