স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১৭:২৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক নজরুল ইসলাম এ কারাদণ্ড দেন।
ইসরাত জাহান ইমা কামারখন্দ উপজেলার মুগবেলাই গ্রামের নূরনবী আকন্দের মেয়ে।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি হামিদুল ইসলাম দুলাল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ২০১২ সালে সিরাজগঞ্জ সদর উপজেলার কল্যাণী পূর্বপাড়া গ্রামের আব্দুস সায়েমের সঙ্গে ইসরাত জাহান ইমার বিয়ে হয়। এ বিয়ের আগে থেকেই সায়েম সিলেটে পূবালী ব্যাংকে সিকিউরিটি গার্ডের চাকরি করতো। এ সুযোগে ইসরাত জাহান প্রতিবেশী শাহাদতসহ একাধিক পুরুষের সঙ্গে মুঠোফোনে কথা বলতো। এ নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ২০২২ সালের ৮ জুলাই স্বামী ঈদ পালনের জন্য বাড়িতে আসে। ওইদিন বিকেলে স্ত্রী তাকে ঘুমের ওষুধ মিশ্রিত শরবত খেতে দেয়। এতে সে ঘুমিয়ে পড়ে। এরপর রাতে সেভেন আপের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে পরিবারের সবাইকে খাওয়ায় এবং গভীর রাতে স্ত্রী অজ্ঞাত ২/৩ জনের সহযোগিতায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা করে। এ ব্যাপারে নিহতের বাবা শেখ ফরিদ বাদী হয়ে পুত্রবধূর নাম উল্লেখ করে অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ স্ত্রীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।
