রমেক হাসপাতালে দালাল চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ২১:২৪ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে ঘোরাফেরা করা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল (রমেক) এলাকার দালাল চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ।
বুধবার (১১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি সনাতন চক্রবর্তী।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, রমেক হাসপাতাল এলাকায় রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধরনের চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে প্রতারণা করে আসছিল একটি দালাল চক্র।
এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে হাসপাতালের প্রধান গেটের প্রবেশপথের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— রংপুরের গঙ্গাচড়া উপজেলার ভুটকা এলাকার নওশা মিয়ার ছেলে মনোয়ার হোসেন (৩৮), মিঠাপুকুর উপজেলার আফজালপুর এলাকার মৃত মাহবুবার রহমানের ছেলে রানা মুন্সি (৩৫), বদরগঞ্জ উপজেলার নন্দনপুর শ্যাম্পুর এলাকার মৃত বিপিন চন্দ্র সরকারের ছেলে শ্রী রিপন চন্দ্র সরকার (৩০), মহানগরের হাজীরহাটের উত্তম এলাকার মৃত মাহাবুল হকের ছেলে গোলাম রব্বানী (৩২) ও একই থানার অভিরাম মনোহর এলাকার মিজানুর রহমানের ছেলে আয়নাল হক (৩৩)।
মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি সনাতন চক্রবর্তী বলেন, সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে হাসপাতাল এলাকায় সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
