বানিয়াচংয়ে মাথায় ইট পড়ে ভ্যানচালকের মৃত্যু

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ২১:৫৪ | অনলাইন সংস্করণ

  হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ভবনের দ্বিতীয় তলা থেকে ইট পড়ে মাথায় আঘাত লেগে মকসুদ মিয়া (৩০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা সদরের পূর্বগড় মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত মকসুদ একই উপজেলার শেখের মহল্লার আতাউর মিয়ার ছেলে।

জানা যায়, ভ্যানে রূপান্তর করা ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে পূর্বগড় এলাকার নবী হোসেনের বাড়িতে ভাড়ায় মালামাল পৌঁছে দিতে যান মকসুদ।

গাড়ি দাঁড় করিয়ে মালামাল নামানোর সময় হঠাৎ ভবনের দ্বিতীয় তলা থেকে কয়েকটি ইট তার মাথায় পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। মকসুদ মিয়া স্ত্রী ও দুই শিশুসন্তান রেখে গেছেন।

বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে একজন উপ-পরিদর্শকসহ পুলিশ সদস্যদের পাঠানো হয়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।