সাটুরিয়ায় মেয়াদোত্তীর্ণ গোখাদ্য বাজারজাতের অভিযোগ, ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ২২:০৬ | অনলাইন সংস্করণ
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের গোখাদ্য নতুন প্যাকেট করে বাজারজাত করার অভিযোগে এক ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ মার্চ) সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাটারা বাজারে অবস্থিত বিকাশ নামের এক ব্যবসায়ীর গোখাদ্যের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়।
সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা গুহ ইভা-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
এর আগে অভিযোগ উঠেছিল, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের গোখাদ্য অভিনব কায়দায় প্রক্রিয়াজাত করে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের বস্তা ও লোগো ব্যবহার করে বাজারজাত করা হচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এসব গোখাদ্য প্রস্তুতের দৃশ্য, শ্রমিক ও ব্যবসায়ী বিকাশের বক্তব্যও দেখা যায় বলে জানা গেছে। ওই ভিডিও ছড়িয়ে পড়ার পরই প্রশাসন অভিযান পরিচালনা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে কিছু অসাধু ব্যক্তিকে ম্যানেজ করে এ ধরনের কার্যক্রম চালিয়ে আসছিলেন ওই ব্যবসায়ী। এর আগেও একাধিকবার তাকে জরিমানা করা হলেও পরে আবার একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নজরদারিতে রাখা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
