ওয়াকআউট প্রচলিত রীতি, প্রথম দিনে না করলেও হতো: স্পিকার

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১২:৫৯ | অনলাইন সংস্করণ

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘ওয়াকআউট সংসদের একটি প্রচলিত রীতি। বিরোধী দল তার অধিকার থেকে এটি করতে পারে। তবে প্রথম অধিবেশনের দিন এমনটি না করলেও হতো।’

শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘বিগত সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ পাওয়া গেছে তার সর্বাত্মক ব্যবহার করা হবে।’

স্পিকার সংসদে স্লোগান দেওয়া নিয়ে বলেন, ‘সংসদে স্লোগান দেওয়া ঠিক না। এটা রেওয়াজের বাইরে। সংসদে রেওয়াজের বাইরে যায়, এমন কিছু করবে না।’ তবে রাষ্ট্রপতি সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

এর আগে, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে তারা স্মৃতিসৌধের স্মারক বইয়ে স্বাক্ষর করেন।