জলঢাকায় রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১৭:২৯ | অনলাইন সংস্করণ
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার (১৫ মার্চ) দুপুরে জলঢাকা পৌর শহরের ৬ নং ওয়ার্ডের কদমতলী চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের বক্তব্যে এলাকাবাসী জানান, কদমতলী চৌরঙ্গী মোড় হতে ট্রাফিক মোড় পর্যন্ত প্রায় ৪০০ গজের (কৈমারী রোড) রাস্তাটি দীর্ঘদিন যাবৎ সংস্কার না করায় নিচু হয়ে পড়েছে। তাই সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। অপরদিকে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় একদিনের বৃষ্টির পানি জমে থাকে কয়েকদিন যাবৎ। এতে করে এলাকাবাসীসহ তিনটি ইউনিয়নের লোকজন এবং প্রায় অর্ধেক পৌরবাসীর যাতায়াতে অনেক কষ্ট হয়।
এলাকাবাসীর পক্ষে ক্রীড়া সংগঠন ও সমাজকর্মী আসিফ ইকবাল সাজু বলেন, “আর কিছুদিন পরই বর্ষা মৌসুম আসছে, বিশেষ করে বর্ষার সময় কদমতলী মোড়ে হাঁটু পরিমাণ পানি জমে থাকে। তাই বর্ষার আগেই এ রাস্তাটির কাজ শুরু করতে পৌর প্রশাসক ও সচিব স্যারের নিকট জোর দাবি জানান তিনি।”
পৌর সচিব আশরাফুজ্জামান জানান, “ইতোমধ্যে রাস্তাটির টেন্ডার হয়েছে, ঈদুল ফিতরের পরপরই কাজ শুরু হবে।”
এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিন বলেন, “রাস্তার কাজ অতিদ্রুত শুরু করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে তাগিদ দেওয়া হবে।”
