জীবননগরে ডিবি পরিচয় দিয়ে ছিনতাই চেষ্টা, আটক ২

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১৭:৪৪ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে এক নারীর কাছ থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকা ছিনিয়ে নেয়ার সময় দুই ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।

সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সীমান্তবর্তী চ্যাংখালি চিংড়ি ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

আটককৃত দুইজন হলেন— ঝিনাইদহ জেলার কোট চাঁদপুর উপজেলা শহরের বাজার পাড়ার ইউসুফ আলী বিশ্বাসের ছেলে রিজভী আলমান রহমান (২৯) ও একই শহরের গাফতলা পাড়ার আক্কাস আলীর ছেলে আহাদ আলী (৩৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে রিজভী আলমান রহমান ও আহাদ আলী সহ ছয়জন ডিবি পুলিশের পোশাক পরিহিত অবস্থায় মোটরসাইকেলযোগে জীবননগর উপজেলার সীমান্তবর্তী চ্যাংখালি চিংড়ি ব্রিজের কাছে অবস্থান করে। এ সময় জীবননগর থেকে এক নারী ভ্যানে করে বাড়ি ফেরার পথে তার পথ রোধ করে নগদ টাকা ও সোনার গয়না-সহ অন্যান্য জিনিস ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় ওই নারী চিৎকার দিলে এলাকাবাসীরা এগিয়ে এসে তাদেরকে ধাওয়া করে রিজভী আলমান রহমান ও আহাদ আলীকে মোটরসাইকেলসহ আটক করে। অন্য চারজন মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। এরপর এলাকাবাসী তাদেরকে গণধোলাই দিয়ে জীবননগর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

প্রত্যক্ষদর্শী গোয়ালপাড়া গ্রামের মজিদ আলী জানান, ডিবি পোশাক পরিহিত অবস্থায় তিনটি মোটরসাইকেলে ছয়জন ছিনতাইকারী সীমান্তবর্তী চ্যাংখালি চিংড়ি ব্রিজের কাছে অবস্থান করে। এ সময় এক নারীর কাছ থেকে টাকা ও গয়না সহ অন্যান্য জিনিস ছিনিয়ে নেওয়ার সময় এলাকাবাসী তাদেরকে আটক করে পুলিশে দেয়। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলাইমান শেখ জানান, ডিবি পরিচয় দিয়ে ছিনতাই করার সময় দুইজনকে আটক করে থানায় হস্তান্ত করেছে এলাকাবাসী। আটককৃতদের বিরুদ্ধে তদন্ত-পূর্বক ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।