প্রশাসক নয়, সেবক হিসেবে কাজ করতে চাই: রসিক প্রশাসক ডন
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ২১:০৩ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) নব নিযুক্ত প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেছেন, দলীয় পরিচয় বিবেচ্য নয়, দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় নাগরিকদের জন্য প্রশাসক নয়, সেবক হিসেবে কাজ করতে চাই। যেখানে সমন্বিত উদ্যোগে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও গ্রীন সিটি করাই হবে মূল লক্ষ্য।
সোমবার (১৬ মার্চ) সকালে নগরভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রসিক প্রশাসক বলেন, প্রশাসক হিসেবে আমার প্রথম কাজ হবে বৈষম্য দূর করা। আমার সাথে যারা থাকবেন তারা যেমন নিরাপদ থাকবেন, তেমনি যারা আমার সাথে থাকবেন না তারাও নিরাপদ থাকবেন। কারো প্রতি কোনো প্রকার বৈষম্য দেখানো হবে না। দলমতের ঊর্ধ্বে থেকে নাগরিকদের প্রাপ্য সুবিধা আমরা দিতে চাই। নাগরিকরা যাতে সহজে তার সেবা পান সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে।
বাজেট বৈষম্য নিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাজেট বৈষম্যের কবলে রংপুর। এ কারণে দেশের অন্যান্য সিটি কর্পোরেশন থেকে আমরা অনেক পিছিয়ে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আমরা সেসব চ্যালেঞ্জ মোকাবিলা করে বাজেট বৈষম্য কমিয়ে আনতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করবো।
তিনি আরো বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে রংপুরের বাজেট বৈষম্যের বিষয়ে অবহিত করেছি। তিনি আমাদের সাথে আছেন এবং রংপুরের উন্নয়নে তিনি খুবই আন্তরিক।
শ্যামাসুন্দরী খাল প্রসঙ্গে প্রশাসক বলেন, আমাদের রংপুরের ফুসফুস খ্যাত শ্যামাসুন্দরী খাল সু-নির্দিষ্ট পরিকল্পনার অভাবে আজ অপরিচ্ছন্ন ভাগাড়ে পরিণত হয়েছে। এজন্য প্রথমে শ্যামাসুন্দরী খালের উন্নয়নে স্বল্প মেয়াদি উদ্যোগ নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হবে। এরপর দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে শ্যামা সুন্দরীকে নগরীর জন্য উপহার দিতে চাই। এজন্য সময়ের প্রয়োজন। আমাদের পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে।
এর আগে, নবনিযুক্ত প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন সকাল ৯টায় নগরভবনে পৌঁছানো। পরে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন এবং নগর ভবনের প্রতিটি সেকশন ঘুরে দেখেন। দুপুরে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
উল্লেখ্য, গত শনিবার (১৪ মার্চ) দুপুরে স্থানীয় সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পান মহানগর বিএনপির সদস্য সচিব, সাবেক ছাত্র ও যুবনেতা এডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন।
