মুন্সীগঞ্জে ৩ শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ২১:৫৭ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুন্সীগঞ্জে ৩ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ‘তারুণ্যের ঐক্য সামাজিক যুব কল্যাণ সংস্থা’।
সোমবার সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার হিসেবে প্রতিটি পরিবারের মাঝে পোলাওয়ের চাল, চিনি, কিসমিস, তেল, সেমাই, মেহেদি, নুডুলসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মো. মাসুদুর রহমান এবং সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিহির কুমার পাইক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম।
সংগঠনটির সভাপতি মো. রাইফুল ইসলাম রাজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মনির হোসেন রনির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভাপতির বক্তব্যে রাইফুল ইসলাম রাজন বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
