শিল্পপ্রতিষ্ঠানগুলোকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান চসিক মেয়রের

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ২২:০০ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

​চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অসহায় কিডনি রোগীদের সেবার পরিধি বাড়াতে ৪টি নতুন ডায়ালাইসিস মেশিন প্রদান করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান কেএসআরএম।

সোমবার (১৬ মার্চ) সকালে হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মেশিন আনুষ্ঠানিকভাবে চমেক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, “কিডনি রোগে আক্রান্ত অনেক রোগী নিয়মিত ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল। কিন্তু প্রয়োজনের তুলনায় ডায়ালাইসিস মেশিন কম থাকায় রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কেএসআরএম-এর এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিক ও প্রশংসনীয়। এর মাধ্যমে অসংখ্য অসহায় রোগী উপকৃত হবেন।

​তিনি আরও বলেন, সরকারি হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়বদ্ধতা (CSR) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের অন্যান্য সচ্ছল শিল্পপ্রতিষ্ঠানগুলোকেও কেএসআরএম-এর মতো এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানাই।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন আহমেদ।

তিনি কেএসআরএম-এর এই সময়োপযোগী সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, নতুন এই ৪টি ডায়ালাইসিস মেশিন সংযোজনের ফলে প্রতিদিন আরও বেশি সংখ্যক রোগীকে দ্রুত সেবা দেওয়া সম্ভব হবে, যা ডায়ালাইসিস ইউনিটের ওপর বাড়তি চাপ কমাতে সাহায্য করবে।

​অনুষ্ঠানে কেএসআরএম-এর ঊর্ধ্বতন প্রতিনিধিরা ছাড়াও হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।