ঈদ যাত্রার প্রথম দিনে যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৩ কোটি টাকা

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১৫:৫৮ | অনলাইন সংস্করণ

  টাঙ্গাইল প্রতিনিধি

আজ থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। যার কারণে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭শ’ টাকা।

এছাড়াও মহাসড়কের টাঙ্গাইলের অংশে যানজট নিরসনে জেলা পুলিশের প্রায় ৮ শতাধিক সদস্য দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছেন। জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশও যানজট নিরসনে কাজ করছেন।

এদিকে মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে যানবাহনের চাপ বাড়লেও কোনো যানজটের সৃষ্টি হয়নি। এতে নাড়ির টানে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। 

মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায় যমুনা সেতু টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছে । 

পুলিশ জানায়, সোমবার বিকেলে সরকারি অফিস ছুটি হয়েছে। এতে মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ এছাড়া গার্মেন্টসগুলো ছুটি হলে মহাসড়কে চাপ আরও বাড়বে।  

এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, মহাসড়কে যানজট নিরসনে জেলা পুলিশের ৮ শতাধিক সদস্য দায়িত্ব পালন করছে। মহাসড়কে ৩টি শিফটে ২৪ ঘণ্টা পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। জেলা পুলিশের সাথে হাইওয়ে পুলিশও কাজ করছে। 

তিনি আশা প্রকাশ করেন, এবারের ঈদ যাত্রায় মহাসড়কে যানজট হবে না। যানজট নিরসনে আমাদের সর্বোচ্চ  প্রস্তুতি রয়েছে।