সাতক্ষীরা

ভোমরা স্থলবন্দরে ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১৬:৩৮ | অনলাইন সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামীকাল (১৮ মার্চ) থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা ১০ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ভোমরা ইমিগ্রেশন পুলিশ।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক চলবে। বর্তমানে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত পণ্য খালাস ও লোডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত টানা ১০ দিন ভোমরা কাস্টমস হাউসে সিঅ্যান্ডএফ কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ বা বের হতে পারবে না। তবে আগামী ২৮ মার্চ থেকে আবারও যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের (ওসি) রাশেদুজ্জামান জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের সীমান্ত পারাপার স্বাভাবিক থাকবে। ঈদ উপলক্ষ্যে যেসব যাত্রী যাতায়াত করবে তাদের জন্য ইমিগ্রেশন সেবা চালু থাকবে।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, সরকারি ছুটির কারণে এ সময় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দর ও কাস্টম হাউসের কিছু অভ্যন্তরীণ দাপ্তরিক কাজ সীমিত পরিসরে চলবে।

তিনি আরও বলেন, ঈদের ছুটিতে সাময়িক বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ২৮ মার্চ থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হলে ভোমরা স্থলবন্দর তার স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরে আসবে।