হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১৬:৪১ | অনলাইন সংস্করণ

  হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবদুস সালাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুস সালাম উপজেলার টানপাড়া এলাকার মৃত মো. আবদুস জব্বারের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন এবং চার কন্যাসন্তানের জনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে গড়মাছুয়া গ্রামের একটি বাড়িতে বৈদ্যুতিক সংযোগের কাজ করছিলেন আবদুস সালাম। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই আবদুস সালামের মৃত্যু হয়েছিল।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।