ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে সংসদ সদস্যসহ আহত ৩
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ২০:১৪ | অনলাইন সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি

বেপরোয়া ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসে থাকা কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদসহ তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৭টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের কাউনিয়া বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সংসদ সদস্যের গাড়িটি রংপুরের কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে সেখানে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক সংসদ সদস্যের ভাড়ায় চালিত মাইক্রোবাসে ধাক্কা দিলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বিধ্বস্ত হয়। এসময় গাড়িতে থাকা সংসদ সদস্যসহ কয়েকজন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ট্রাকটি সড়কে অতিরিক্ত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সংসদ সদস্যকে বহনকারী গাড়িটির পিছনের দিক থেকে ধাক্কা দিলে সংসদ সদস্যের মাইক্রোবাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।
এ সময় এমপি কিছুটা আহত হলেও তার গাড়ির ড্রাইভারসহ সহযাত্রী একজন ব্যক্তি গুরুতর আহত হন। তাদেরকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসাইন ইউনুছ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়কে ট্রাফিক শৃঙ্খলা না থাকায় বেপরোয়া যান চলাচলের কারণে এই দূর্ঘটনা সংঘটিত হয়েছে। আমি এবং সংসদ সদস্য আহত হয়েছি। বর্তমানে সংসদ সদস্য সুস্থ অবস্থায় নিজ বাড়িতে অবস্থান করছেন। বাকি ২ জন গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে এমপির গাড়িতে ধাক্কা দেওয়ার বিষয়টি পরিকল্পিত কোনো ঘটনা কিনা এমন প্রশ্নের জবাবে জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ জানান, এটি পরিকল্পিত কোনো ঘটনা নয়, এটি সড়ক দুর্ঘটনা। অনিরাপদ সড়কের কারণে এমন দুর্ঘটনা হরহামেশাই ঘটছে। কেউ গুজব ছড়াবেন না। আপনাদের দোয়ায় এমপি সুস্থ রয়েছেন। তিনি সকলের দোয়া প্রার্থনা করেছেন।
